মুশফিকের স্ত্রীর আবেগঘন বার্তা

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০২:৫১ পিএম

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ওয়ানডে থেকে অবসরের ঘোষণার পর থেকেই ক্রিকেটাঙ্গনে আবেগের জোয়ার। সতীর্থরা, ভক্তরা সবাই তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন। তবে সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়া এসেছে তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কাছ থেকে।

মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রাম, নিবেদন ও দেশপ্রেমের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগময় বার্তা দিয়েছেন মন্ডি। সেই সঙ্গে সমালোচকদের উদ্দেশ্যেও দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা।

স্ত্রীর চোখে, মুশফিক শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন ত্যাগী যোদ্ধা। তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দেশের প্রতি ভালোবাসার কথা স্মরণ করে মন্ডি লিখেছেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার, আলহামদুলিল্লাহ… তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিতে!’

মন্ডি আরও লিখেছেন, ‘তুমি কখনোই নিজের জন্য খেলোনি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।’

মুশফিক শুধু মাঠের একজন যোদ্ধা নন, ঘরে তিনি একদমই অন্যরকম। এক পরিপূর্ণ পারিবারিক মানুষ, যার জন্য তার পরিবার গর্বিত। মন্ডি লিখেছেন, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে দারুণ পছন্দ করে। আশা করি, শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখন পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট।’

বিদায়লগ্নে মুশফিকের স্ত্রী সমালোচকদের উদ্দেশে বার্তা দিয়ে লিখেছেন, ‘সবশেষে, দুনিয়াকে আমি এটা বলব-কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।’

আরও পড়ুন