টেস্টেও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ‘এ’ দল

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:৫১ পিএম

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর যেন ব্যর্থতার মহড়া। টপ এন্ড টি-টোয়েন্টিতে একগাদা আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে নেমে ১১ দলের মধ্যে নবম হওয়া-তারপর চারদিনের একমাত্র টেস্টে দক্ষিণ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানের লজ্জাজনক হার। শেষ পর্যন্ত ফিরে আসতে হচ্ছে শুধু হতাশা নিয়েই।

ডারউইনের ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৪ ওভারও টিকতে পারেনি দল। মাত্র ১১৪ রানে অলআউট, এটাই বাস্তবতা। সেই ইনিংসের সর্বোচ্চ রান এল ১১ নম্বর ব্যাটারের ব্যাট থেকে, মোহাম্মদ এনামুল করলেন ২৭! টপ অর্ডার, মিডল অর্ডার-সবাই যেন দায়িত্ব ছেড়ে দিয়েছেন একে অন্যের ওপর।

প্রতিপক্ষের ইনিংসে জেসন সাঙঘা একাই ছাপিয়ে গেছেন পুরো বাংলাদেশ দলকে। তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৩ রান, আর দক্ষিণ অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৩৮০ রানে। তুলনায় বাংলাদেশের ব্যাটিং এমন অসহায়, যা ব্যাখ্যাতীত।

দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াইয়ের চেষ্টা হয়েছিল। শাহাদাত হোসেন ৪৯ রান, ইয়াসির আলি ৩৬, অধিনায়ক মাহিদুল ৩২ করেছেন বটে, কিন্তু তাদের কারও ইনিংসই দলের বাঁচার জন্য যথেষ্ট ছিল না। লোয়ার অর্ডারে হাসান মুরাদ শেষ পর্যন্ত কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ফল বদলায়নি।

অস্ট্রেলিয়া সফরের শেষটাও হতাশাজনক। খালি হাতেই ফিরতে হলো দলকে!

আরও পড়ুন