বিতর্কের আবহে মুড়িয়ে কাল পর্দা উঠছে সর্ববৃহৎ বিশ্বকাপের

আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৪১ পিএম

আর মাত্র এক দিন, তারপরেই মাঠে গড়াচ্ছে ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আতিথ্যে এবারই প্রথম বর্ধিত মোট ৪৮টি দল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে। 

আগামী বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই ফুটবল মহাযজ্ঞ। তবে মাঠের ফুটবল শুরু হওয়ার আগেই বিশ্বজুড়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে এই টুর্নামেন্ট। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি ক্রীড়াঙ্গনের মূল আলোচনাকে ছাপিয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও।

বিশ্বকাপের প্রাক্কালে সবচেয়ে বড় আলোড়ন তৈরি হয়েছে ইরানি ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) একটি আকস্মিক অভিযোগে। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র তাদের জাতীয় দলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য বরাদ্দকৃত টিকিট সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। বর্তমান যুদ্ধাবস্থার সুযোগ নিয়ে ইরানি সমর্থকদের স্টেডিয়ামে আসতে বাধা দেওয়ার জন্য মার্কিন প্রশাসনকে দায়ী করেছে তারা। 

এক বিবৃতিতে এফএফআইআরআই গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছে যে, এই অপ্রত্যাশিত পদক্ষেপের কারণে তারা সাধারণ ইরানি সমর্থকদের একটি টিকিটও সরবরাহ করতে পারছে না। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর থেকে দেশগুলো কার্যত সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে। এই বৈরী পরিস্থিতির কারণে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের সহায়তাকারী কর্মকর্তাদের ভিসা দিতেও অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে এই গুরুতর আমলাতান্ত্রিক জটিলতা ও টিকিট বাতিলের অভিযোগের বিষয়ে ফিফা কিংবা মার্কিন আয়োজক কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে রাজনৈতিক এই অস্থিরতা কেবল আন্তর্জাতিক পর্যায়েই সীমাবদ্ধ নেই, উদ্বোধনী ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটিতেও চরম অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মেক্সিকোর জাতীয় শিক্ষক ইউনিয়ন বা সিএনটিই (CNTE) গত সপ্তাহ থেকে বেতন বৃদ্ধি ও নতুন পেনশন আইন বাতিলে দাবিতে দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভ পালন করছে। সরকার তাদের এই দাবিকে অবাস্তব বলে আখ্যা দিলেও শিক্ষকেরা বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচের দিনই এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের চারপাশের প্রধান সড়কগুলো অবরুদ্ধ করার হুমকি দিয়েছেন। 

এই গণবিক্ষোভে সংহতি প্রকাশ করে যোগ দিচ্ছে মেক্সিকোতে নিখোঁজ হওয়া ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের পরিবারবর্গ, যাদেরকে অপরাধী চক্র অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ ও হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। এই বিশাল বিক্ষোভের মুখে মেক্সিকোর রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এবং দেশটির রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে বলেছেন যে, শত বাধার মুখেও নির্ধারিত সময়েই খেলা মাঠে গড়াবে।

বিশ্বকাপের এই বিতর্কিত আবহে যোগ হয়েছে সোমালিয়ার তারকা রেফারি ওমর আরতানের ভিসা বাতিলের ঘটনা। সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সাথে সংযোগ থাকার অভিযোগে ট্রাম্প প্রশাসন আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি, যার ফলে তাকে বিশ্বকাপ পরিচালনার সুযোগ না পেয়ে নিজ দেশে ফিরে যেতে হয়েছে। তবে রাজধানী মোগাদিশুতে পৌঁছানোর পর তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। এক সাক্ষাৎকারে আরতান বিষয়টিকে নিজের ভাগ্য হিসেবে মেনে নিয়ে দেশের মানুষকে হতাশ না হওয়ার আহ্বান জানান এবং ফিফার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আশ্চর্যের বিষয় হলো, গত বছর ডোনাল্ড ট্রাম্পকে প্রথম 'শান্তি পুরস্কার' প্রদান করা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই বিষয়ে দায় এড়িয়ে জানিয়েছে যে, আয়োজক দেশের ভিসা ও প্রবেশাধিকার প্রক্রিয়ার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

মাঠের বাইরের এই চরম বিশৃঙ্খলার মাঝেই দলগুলো তাদের শেষ মুহূর্তের কৌশল সাজাতে ব্যস্ত। থ্রি লায়ন্সের ডাগআউটে বসে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল জানিয়েছেন, দলের প্রধান তারকা বুকায়ো সাকার ফিটনেস নিয়ে তারা বেশ চিন্তিত। ২৪ বছর বয়সী এই আর্সেনাল ফরোয়ার্ড গত মার্চ মাসে অ্যাকিলিস ইনজুরিতে পড়ার পরও ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। টুখেল স্পষ্ট করে বলেছেন যে, সাকা এখনও শতভাগ ফিট নন এবং বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে তাকে অত্যন্ত সতর্কতার সাথে গড়ে তোলা হচ্ছে। 

২০২০ ও ২০২৪ ইউরো এবং ২০২২ কাতার বিশ্বকাপে তিন গোল করা সাকার ফিটনেস ইংল্যান্ডের শিরোপা জয়ের স্বপ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড দল ফ্লোরিডার চরম আর্দ্রতার সাথে মানিয়া নিতে বুধবার অরল্যান্ডোতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে। অন্যদিকে পর্তুগাল এখনও উত্তর আমেরিকায় না পৌঁছে নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে এবং আলজেরিয়া বুধবার দর্শকশূন্য স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হয়ে তাদের প্রস্তুতি পর্বের ইতি টানবে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরের মাঠের পারফরম্যান্স ও প্রতি মুহূর্তের আপডেট ফুটবলপ্রেমীরা সরাসরি অনুসরণ করতে পারবেন বিশেষভাবে তৈরি লাইভ পেজে।

সূত্র: আল জাজিরা

AHA
আরও পড়ুন