মেসির ‘ফাউল’ ইস্যুতে ফিফার দ্বারস্থ আলজেরিয়া

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

আর্জেন্টিনার বিপক্ষে ৩–০ গোলে হারের ম্যাচে রেফারিং সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া ফুটবল ফেডারেশন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা বিষয়টি নিয়ে ফিফার রেফারিং কমিশনে চিঠি পাঠিয়েছে।

গত সপ্তাহে কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে একাধিক সিদ্ধান্ত ঘিরে আলজেরিয়া শিবির আপত্তি তোলে। বিশেষ করে প্রথমার্ধের একটি ঘটনায় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে ডিফেন্ডার আইসা মান্দির দ্বৈরথে কোনো শাস্তি না দেওয়ায় তীব্র আপত্তি জানানো হয়।

আলজেরিয়ার দাবি, ওই মুহূর্তে মেসির পা ডিফেন্ডারের ওপর পড়লেও তা রেফারির চোখে ফাউল বা লাল কার্ডের যোগ্য বিবেচিত হয়নি। এরপর ম্যাচে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা বড় জয় নিশ্চিত করে।

দ্বিতীয়ার্ধে আরেকটি ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কনুইয়ের আঘাতে ইবরাহিম মাজা আহত হলেও কোনো কার্ড দেখানো হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ম্যাচ পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি সিমন মার্সিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপ ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন। আলজেরিয়ার অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ভূমিকাও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা চলছে। অনেক সমর্থক তারকা খেলোয়াড়দের প্রতি সিদ্ধান্তে ভিন্নতা আছে কি না, সে প্রশ্ন তুলেছেন।

তবে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে বিতর্কটি এখন আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

AS
আরও পড়ুন