ম্যানচেস্টার সিটির সঙ্গে সাত বছরের অধ্যায় শেষ করে বার্সেলোনায় যোগ দিতে কাতালুনিয়ায় পা রেখেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। সাড়ে ৬ কোটি পাউন্ডে চার বছরের চুক্তিতে বার্সার সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন এই তারকা। আনুষ্ঠানিকভাবে ক্লাবে যোগ দেওয়ার আগেই নতুন সতীর্থদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তিনি।
পরিবারকে সঙ্গে নিয়ে মাদ্রিদ থেকে বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে পৌঁছান রদ্রি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্সেলোনায় আসার অনুভূতি প্রকাশ করেন তিনি।
রদ্রি বলেন, ‘এখানে আসতে পেরে খুব খুশি। অনেক ব্যস্ত দিন কাটল, কিন্তু আমি খুশি যে সবকিছুর সমাধান হয়েছে। বার্সার হয়ে খেলা আমার জন্য স্বপ্ন।’
জাতীয় দলের সতীর্থদের অনেককেই বার্সেলোনায় আগে থেকেই চেনেন রদ্রি। নতুন ক্লাবে তাদের সঙ্গে দেখা করার পাশাপাশি মাঠে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
ক্লাবে আনুষ্ঠানিক পরিচয়পর্বের আগেই নিজের পছন্দের ১৬ নম্বর জার্সি নিয়ে কথা বলে ফেলেছেন রদ্রি। ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, এই জার্সিটি বর্তমানে পরা ফারমিন লোপেজের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।
রদ্রির অনুরোধে সাড়া দিয়েছেন ফারমিন। তিনি সাত নম্বর জার্সি পরবেন, যেটি সম্প্রতি পিএসজিতে যোগ দেওয়া ফেরান তোরেসের ছিল।
ম্যানচেস্টার সিটিতে ১৬ নম্বর জার্সিতে দীর্ঘ সময় খেলা রদ্রি বার্সেলোনায়ও নিজের পরিচিত নম্বরটি ধরে রাখতে চাইছেন। ক্লাবে পা রাখার আগেই সতীর্থদের সঙ্গে এমন সহজ যোগাযোগে নতুন ড্রেসিংরুমে দ্রুতই মানিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের!