টানা দরপতনে বিশ্ববাজারে কমলো সোনার দাম

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম

বিশ্ববাজারে টানা দরপতনের ফলে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে সোনার দাম। সাধারণত সুদের হার বাড়লে সুদমুক্ত সম্পদ হিসেবে সোনার চাহিদা ও আকর্ষণ কমে যায়।

বুধবার (১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ম্লান হয়ে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও বাড়াতে পারে- বিনিয়োগকারীদের মধ্যে এমন প্রত্যাশা জোরালো হওয়ার সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে।

বুধবার গ্রিনিচ মান সময় (GMT) ০১:১২-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮১ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। এর আগের দিন মঙ্গলবারও বাজারটিতে বড় পতন দেখা যায়, যা ছিল গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন।

একই সাথে মার্কিন বাজারেও সোনার দাম কমেছে। আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিভিত্তিক ‘গোল্ড ফিউচার্সের’ দাম ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের দোলাচলের কারণে সোনার বাজারের এই অস্থিরতা ও দরপতন আরও কিছুদিন বজায় থাকতে পারে।

SN
আরও পড়ুন