ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেছেন, বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখবো।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলবে মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত।
মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারির জন্য প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সাদা পোশাকের বিশেষ পুলিশের টিম মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে।
তিনি জানান, নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সোয়াটটিম সবসময় প্রস্তুত থাকবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বাড়বে বিবেচনায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে রয়েছে কি না, সে বিষয়েও সতর্ক নজরদারিতে থাকবে পুলিশ। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
অবশেষে বইমেলা শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি
