নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০ 

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৩:০২ এএম

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারী ডাকাতদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা গবাদি পশুও লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় একটি উন্নয়ন সংস্থা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কেএডিএ) এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার দেশের মধ্যাঞ্চলীয় প্লাতু রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা নিয়মিত টহলরত সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংস্থাটি জানায়, গোলাগুলির সময় ১২ জন নিরাপত্তা সদস্য নিহত হন। এসময় আরও ৮ জন গ্রামবাসীও প্রাণ হারান।

এরপর বন্দুকধারীরা কাছের একটি গ্রামে ঢুকে গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়। কেএডিএ বলেছে, এই হামলা ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। 

সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলের গ্রামগুলো বারবার হামলা ও অপহরণের শিকার হয়েছে। 

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বিদ্রোহসহ বিভিন্ন নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। দেশটির সেনাবাহিনী চরমপন্থী ইসলামপন্থী সহিংসতার বিস্তার ঠেকাতে লড়াই করছে। তবে অঞ্চলে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। 

HN
আরও পড়ুন