দক্ষিণ কোরিয়ায় গাড়ির কারখানার আগুন, নিহত ১১

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

দক্ষিণ কোরিয়ার দেজিয়ন শহরে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এছাড়া অগ্নিদগ্ধ ও আহত অবস্থায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২১ মার্চ) বার্তাসংস্থা এএফপি ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুপুর ১টার দিকে কারখানাটিতে হঠাৎ আগুন লাগে। ওই সময় কারখানার ভেতরে প্রায় ১৭০ জন শ্রমিক কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের আগে তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।

অগ্নিকাণ্ডের পর ভবনটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হওয়ায় এবং ভেতরে প্রচুর পরিমাণে ‘সোডিয়াম’ মজুত থাকায় দমকল কর্মীরা শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেননি। উল্লেখ্য, সোডিয়াম বাতাসের সংস্পর্শে এলে বা ভুলভাবে নাড়াচাড়া করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে। শনিবার বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ১১ জনের পাশাপাশি ২৫ জন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৩৪ জন সামান্য আহত হয়েছেন। নিখোঁজ ৩ জনের সন্ধানে ড্রোন ও বিশেষ উদ্ধারকারী দল কাজ করছে।

দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এক জরুরি বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানে জনবল ও সরঞ্জামসহ সমস্ত রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দেশের শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে, যা দেশটিতে শ্রমিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সূত্র : আরব নিউজ।

FJ
আরও পড়ুন