দক্ষিণ লেবাননে বাবার দাফনে গিয়ে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুকন্যা নিহত হয়েছে। একই হামলায় গুরুতর আহত হয়েছে তার সাত বছর বয়সি বোনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। যুদ্ধবিরতির আশার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।
বুধবার দক্ষিণ লেবাননের স্রিফা গ্রামে সাঈদ পরিবারের বাড়িতে এ হামলা চালানো হয়। সেদিনই যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল; যা লেবাননেও প্রভাব ফেলবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু বাস্তবে ওই দিনই দেশজুড়ে হামলায় ৩৫০ জনের বেশি মানুষ নিহত হন।
নিহত শিশুকন্যা তালিনের বয়স ছিল দুই বছরেরও কম। তার দাদা নাসের সাঈদ জানান, পরিবারের সদস্যরা তার ছেলের দাফনে অংশ নিতে গ্রামে জড়ো হয়েছিলেন। হঠাৎই বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ‘আমরা ভেবেছিলাম যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আচমকাই হামলা শুরু হয় বলেন তিনি।
হামলায় আহত সাত বছর বয়সি আলিন সাঈদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মা গুরুতর আহত হয়েছেন।
লেবাননে চলমান সংঘাত গত ২ মার্চ শুরু হয়, যখন হিজবুল্লাহ ইসরাইলের অবস্থানে হামলা চালায়। এরপর ইসরাইল ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে।
এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যদিও ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে। সূত্র: আল মনিটর

