ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী বেকাসি শহরে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৪ জন।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বেকাসি রেল স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও সিএনএ এই তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় রেল কোম্পানি কেএআই ও স্থানীয় সূত্র জানায়, জাকার্তা থেকে চিকারাংগামী একটি কমিউটার ট্রেনের সঙ্গে জাকার্তা-সুরাবায়া রুটের দ্রুতগতির ‘আর্গো ব্রোমো আংগ্রেক’ দূরপাল্লার ট্রেনের সংঘর্ষ হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের ওপর আটকা পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতির দূরপাল্লার ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে যায়।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস)-এর প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কাজের জায়গা সীমিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বগির ভেতরে এখনো অনেক যাত্রী আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের জীবিত উদ্ধারে ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ট্রেনের ধাতব কাঠামো কাটা হচ্ছে। আহত ৮৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত ২১