একই সময়ে ইরান ও ইউক্রেনের যুদ্ধ অবসানের ইঙ্গিত ট্রাম্পের

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ফোনালাপের পর ইরান ও ইউক্রেন যুদ্ধ একই সময়ে শেষ হওয়ার জোরালো সম্ভাবনা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ এপ্রিল) দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই ফোনালাপে মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফোনালাপ শেষে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘রুশ প্রেসিডেন্টের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমার মনে হচ্ছে আমরা একই ধরনের সময়সূচিতে ইরান ও ইউক্রেন- উভয় যুদ্ধের সমাধান বা অবসানের পথে পৌঁছাতে পারব। আমি অত্যন্ত আশাবাদী যে খুব দ্রুতই একটি ভালো সমাধান আমরা দেখতে পাব ।’

ক্রেমলিন সূত্রে জানা গেছে, ফোনালাপে পুতিন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী (বিজয় দিবস) উপলক্ষে এই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। দুই নেতা ইউক্রেন পরিস্থিতি ছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান সামরিক অভিযান নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন।

ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে দাবি করেন যে তেহরান সামরিকভাবে এখন পুরোপুরি কোণঠাসা। তিনি বলেন, আপনারা ভুয়া খবরে কান দেবেন না। সামরিক বাস্তবতার দিকে তাকান; ইরানের ১৫৯টি জাহাজ ছিল, যার সবগুলোই এখন পানির নিচে। যার কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স) পুরোপুরি ধ্বংস হয়ে গেছে- তারা কীভাবে ভালো করবে?

ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ভুলবশত একবার ‘ইউক্রেন পরাজিত’ বললেও সিএনএন জানিয়েছে, তিনি আসলে সামরিকভাবে বিধ্বস্ত ইরানের কথাই বোঝাতে চেয়েছিলেন।

২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চললেও গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটে। ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যা করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছিল। ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যে বিশ্বজুড়ে এখন যুদ্ধ থামার নতুন আশা তৈরি হয়েছে।সূত্র: সিএনএন

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত