হরমুজের নাম পাল্টে ‘ট্রাম্প প্রণালি’! মানচিত্র শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথ ‘হরমুজ প্রণালি’র নাম বদলে নিজের নামে অর্থাৎ ‘ট্রাম্প প্রণালি’ দেওয়া একটি মানচিত্র শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এই মানচিত্রটি পোস্ট করার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করা মানচিত্রটিতে দেখা যায়, পারস্য উপসাগরের প্রবেশদ্বার খ্যাত ঐতিহাসিক এই নৌপথের নাম লেখা রয়েছে ‘স্ট্রেইট অফ ট্রাম্প’ (Strait of Trump) বা ট্রাম্প প্রণালি। এর আগে এক জনসভায় ভাষণ দেওয়ার সময়ও তিনি ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন। সে সময় উপস্থিত জনতা এটিকে কৌতুক মনে করে হাসলে ট্রাম্প গম্ভীরভাবে বলেছিলেন,‘সংবাদমাধ্যম হয়তো এটিকে আমার ‘ভুল’ বলে প্রচার করবে, কিন্তু সবাই জানে আমি খুব কমই ভুল করি।’

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের মোট উৎপাদিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। এটি ইরানের উত্তর উপকূল এবং ওমানের মুসান্ডাম উপদ্বীপের মাঝে অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর তেহরান এই জলপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করতে এবং দেশটির তেলের রাজস্ব পুরোপুরি বন্ধ করতে গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে কঠোর ‘নৌ-অবরোধ’ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের প্রধান বন্দরগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, এই নৌপথটি এখন কার্যত মার্কিন নিয়ন্ত্রণে, আর তাই মানচিত্রে এর নাম পরিবর্তন তার সেই আধিপত্যেরই এক প্রতীকী বহিঃপ্রকাশ। সূত্র: বিবিসি।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত