আটকে থাকা ভারতীয় জাহাজকে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী

আপডেট : ০৬ মে ২০২৬, ০৮:২৬ পিএম

মাঝ সমুদ্রে যান্ত্রিক গোলযোগের মুখে পড়া একটি ভারতীয় পণ্যবাহী জাহাজকে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী।

'এমভি গৌতম' নামের জাহাজটি ওমান থেকে ভারতের অভিমুখে যাত্রা করেছিল, কিন্তু মাঝপথে এর পাওয়ার জেনারেটর অকেজো হয়ে গেলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আরব্য সাগরে আটকা পড়ে। বিপদগ্রস্ত জাহাজটির ক্রুদের সহায়তার আহ্বানে দ্রুত সাড়া দিয়ে পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযান চালায় এবং ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিকসহ মোট সাতজন ক্রু ছিলেন। মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার থেকে জরুরি বার্তা পাওয়ার পর ইসলামাবাদ দ্রুত সাড়া দেয় এবং পিএমএসএস কাশ্মীর নামক একটি যুদ্ধজাহাজকে উদ্ধার অভিযানে মোতায়েন করে।

পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সহায়তায় পরিচালিত এই অভিযানে ক্রুদের জন্য খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় জরুরি কারিগরি সহায়তা প্রদান করা হয়। 

ভারতীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, গত ৩ মে জেনারেটর বিকল হওয়ার পর জাহাজটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং পাকিস্তান ও ভারতের সমুদ্রসীমার মধ্যবর্তী অঞ্চলে ভাসতে থাকে। ৪ মে রাতে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘রাজরতন’ ঘটনাস্থলে পৌঁছে যোগাযোগ স্থাপন করে। দেখা যায়, জাহাজটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সীমিত হয়ে পড়েছে এবং জেনারেটরটি মেরামতের অযোগ্য অবস্থায় আছে। সূত্র: এনডিটিভি

YA
আরও পড়ুন