২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আমিরাতের নিষেধাজ্ঞা

আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:২৭ এএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্ক ভেঙে দিতে বড় পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গোষ্ঠীটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৬ জন লেবানিজ নাগরিক এবং ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি। বুধবার (১৩ মে ২০২৬) আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (WAM) এই তথ্য নিশ্চিত করেছে।

আমিরাত সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে দেশটির সকল নিয়ন্ত্রক সংস্থাকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জব্দ করতে হবে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত সকল প্রকার আর্থিক ও বাণিজ্যিক লেনদেন অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরব আমিরাত সরকার জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধে তাদের দীর্ঘদিনের যে অঙ্গীকার, এই পদক্ষেপ তারই অংশ। উল্লেখ্য, ২০১৬ সালেই উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর দেশগুলোর সাথে একাত্ম হয়ে আমিরাত হিজবুল্লাহকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সূত্র: আলজাজিরা 

SN
আরও পড়ুন