যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর জাপানকে কড়া সামরিক হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, টোকিওর সামরিক তৎপরতার জবাবে পিয়ংইয়ং প্রয়োজন হলে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেবে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বুধবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং অভিযোগ করেন, জাপান ধীরে ধীরে আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে গিয়ে আগাম হামলা চালানোর সক্ষমতাসম্পন্ন সামরিক শক্তিতে পরিণত হচ্ছে।
তিনি বলেন, প্রশান্ত মহাসাগরে এগিস ডেস্ট্রয়ার চোকাই থেকে টমাহক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, অন্যান্য ক্ষেপণাস্ত্রের মহড়া এবং মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় জাপানের অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
কিম ইয়ো জংয়ের দাবি, এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রাখছে। ওয়াশিংটন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, যুদ্ধজাহাজে প্রয়োজনীয় পরিবর্তন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তার মাধ্যমে জাপানের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়া এমন পদক্ষেপ নেবে, যাতে জাপান উপলব্ধি করে যে তাদের নিরাপত্তা আগের তুলনায় আরও বেশি ঝুঁকির মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ং জাপানের সামরিক আধুনিকায়নকে নিজেদের অস্ত্র কর্মসূচি জোরদারের যৌক্তিকতা হিসেবে তুলে ধরতে চাইছে। একই সঙ্গে ভবিষ্যতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিংবা সামরিক শক্তি প্রদর্শনেরও ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া। সূত্র: আলজাজিরা
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭
যুদ্ধবিরতিতে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান
হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল