ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পর্যটক ছিলেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফায়ার সার্ভিস।
ঘন গাছপালায় ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ব্রাজিলিয়ান ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় চালক ও তিন নারী আগুনে পুড়ে মারা যান।
এএফপিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম ও জি১ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন নারী পর্যটক কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।
তিজুকা বনের পাহাড়ের ওপর অবস্থিত চীনা প্যাগোডার প্রতিকৃতি ‘ভিস্তা শিনেসা’র কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় একটি পর্যটন স্পট হিসেবে পরিচিত।
মাত্র দুই মাসের ব্যবধানে রিও ডি জেনিরোতে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আমেরিকান গায়ক অলিভার ট্রিসহ ছয়জন নিহত হন।
শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকদের মধ্যে হেলিকপ্টারে ভ্রমণ বেশ জনপ্রিয়। শনিবারের দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে এক্সে দেওয়া এক বার্তায় ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
দাবানল নিয়ন্ত্রণে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীন বিশ্বে দৃষ্টান্ত: সাইমন স্টিয়েল