কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম

কানাডার ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডাকে এবার শিক্ষা দেওয়ার সময় এসেছে যে তারা আর এমনটা করতে পারে না।

রক্ষণশীল বিশ্লেষক গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তাদের এমন কিছুই নেই যা আমাদের খুব বেশি প্রয়োজন। সাময়িক কিছু অসুবিধা হলেও আমরা অন্যান্য দেশ থেকে পণ্য নিতে পারব।

গত শনিবার দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত ২ হাজার কোটি ডলারের পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর জবাবে মঙ্গলবার কানাডাও সমপরিমাণ মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার দেশীয় পণ্য কেনার আন্দোলন জোরদার করেছে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন নাগরিকদের উদ্দেশে বলেন, আমাদের কানাডিয়ান পণ্য বেছে নিতে হবে এবং এটাই এখন সময়।

এর প্রভাবে কানাডার সুপারমার্কেটগুলোতে মার্কিন পণ্য বর্জন ও স্থানীয় পণ্য কেনার হিড়িক পড়েছে।

ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার কানাডাকে সতর্ক করে বলেছেন, তারা আরও পাল্টা পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তা নীরব দর্শক হয়ে দেখবে না। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারোও হুমকি দিয়েছেন, কানাডা যে চুক্তি প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতে তারা আর কখনোই তেমন ভালো চুক্তি পাবে না।

সূত্র: আরব নিউজ

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত