মানবাধিকার সংস্থা ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও হাজার হাজার ‘ইলেক্ট্রিক শক’ গ্লাভস কেনার চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। আটক ব্যক্তি ও বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ কোটি ৬৭ লাখ ডলারের বিনিময়ে ৬ হাজার জোড়া বিশেষ গ্লাভস কিনছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল ডেটাবেসে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কেন্টাকিভিত্তিক প্রতিষ্ঠান 'কমপ্লায়েন্ট টেকনোলজিস'-এর সঙ্গে এই চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে এসব বৈদ্যুতিক গ্লাভস ও আনুষঙ্গিক সরঞ্জাম আইসের হাতে পৌঁছাবে।
এই গ্লাভসগুলো দেখতে সাধারণ টহলরত পুলিশদের গ্লাভসের মতোই, তবে এর বোতাম টিপলেই কার্যকর হয় ইলেকট্রিক মোড। ত্বকের সরাসরি স্পর্শে এলে এটি তীব্র বৈদ্যুতিক শক সৃষ্টি করে, যা বলপ্রয়োগে কাউকে কাবু করতে ব্যবহার করা হয়।
আইসিই কর্তৃপক্ষের দাবি, বন্দিদের সামলাতে, পালাতে বাধা দিতে এবং বিক্ষোভ নিয়ন্ত্রণে মারাত্মক আগ্নেয়াস্ত্র বা অতিরিক্ত বলপ্রয়োগ এড়াতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।
তবে ডেমোক্র্যাট সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তোর নেতৃত্বে ১৬ জন সিনেটর এই কেনাকাটা বাতিলের আহ্বান জানিয়ে আইসের ভারপ্রাপ্ত পরিচালকের কাছে চিঠি দেন। লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও মিনিয়াপোলিসের মতো শহরগুলোতে আইসিই কর্মকর্তাদের সাম্প্রতিক অতিরিক্ত বলপ্রয়োগের সমালোচনা করে তারা জানান, স্পষ্ট নীতিমালা ও তদারকি ছাড়া এই প্রযুক্তি নাগরিকদের জন্য বড় ঝুঁকির কারণ হবে।
সমালোচকদের জবাব দিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কড়া ভাষায় জানিয়েছে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহারে বাধা দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এটি কর্মকর্তাদের জীবনকে ঝুঁকিতে ফেলার একটি অপচেষ্টা।
সূত্র: এনডিটিভি
‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য
আগামী ১০ বছরে বাংলাদেশের কোন চাকরিগুলোর চাহিদা বাড়বে?