সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম

সুদানের পশ্চিম কুর্দোফান প্রদেশে সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার এল-নাহুদ শহরের কাছে আল-জারা সোনার খনির কয়েকটি সুড়ঙ্গ ধসে এ দুর্ঘটনা ঘটে।

 

বুধবার সকাল পর্যন্ত ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া দুই শ্রমিক এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

 

দুর্ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চালানো হলেও খনির ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন হলেও এর সংকট রয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। একটি সুড়ঙ্গ ধসে পড়ার পর আশপাশের আরও কয়েকটি সুড়ঙ্গও ধসে যায় বলে এক শ্রমিক জানান।

 

সুদানে সোনার খনি ধসে প্রাণহানির ঘটনা নতুন নয়। ২০১৩ সালের মে মাসে উত্তর দারফুরের জাবাল আমির এলাকায় একটি সোনার খনি ধসে ৬০ জনের বেশি শ্রমিক নিহত হয়েছিলেন। সে সময় আরও শ্রমিক নিখোঁজ থাকার খবরও পাওয়া যায়।

 

দেশটিতে ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক সোনার খনিতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। ২০২৩ সাল থেকে চলমান যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকট আরও তীব্র হওয়ায় জীবিকার জন্য বহু মানুষ ঝুঁকিপূর্ণ খনিতে কাজ করছেন।

এইচএন
আরও পড়ুন