তিন দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরে তিনি দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা গুরুত্ব পেতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেসের ইসলামাবাদ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব নাবিল মুনির বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান।
সফরকালে গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন।
জাতিসংঘ মহাসচিবের সফরের আগে সংস্থাটির এক মুখপাত্র জানান, বৈঠকগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের ‘কূটনৈতিক ও মধ্যস্থতামূলক প্রচেষ্টা’ নিয়ে আলোচনা হবে।
মুখপাত্র আরও বলেন, দুই দেশের মধ্যে আলোচনার ক্ষেত্রে ইসলামাবাদের ‘গঠনমূলক ভূমিকা’ নিয়ে আলোচনা করারও সুযোগ তৈরি হবে এই সফরে।
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান এরই মধ্যে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার সুযোগ তৈরিতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। গুতেরেসের ইসলামাবাদ সফরে সেই প্রচেষ্টার অগ্রগতি এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।
সফরে পাকিস্তানের সঙ্গে জাতিসংঘের বিভিন্ন ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 'বড় মজুত' রয়েছে ইরানের: সেনাবাহিনীর মুখপাত্র