শিশু সন্তানকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

ভারতের গুজরাটে আড়াই বছরের ছেলেকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শিশুটির মৃত্যুর পর অপরাধের প্রমাণ লুকাতে পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে তার মরদেহ গোপনে সমাহিত করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা অশোক রাওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গুজরাটের ভাভ-থারাদ জেলার সুইগাম এলাকায়। পুলিশ জানায়, অভিযুক্তের স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর ছোট ছেলে নাগঘানের দেখাশোনার দায়িত্ব একাই সামলাতে হচ্ছিল অশোককে। অভিযোগ, শিশুটির দায়িত্বকে বোঝা মনে করতে শুরু করেন তিনি।

পুলিশের অভিযোগ অনুযায়ী, গত ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ২টার মধ্যে শিশুটির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন অশোক। পরে দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও গুরুতর পোড়ার কারণে তার মৃত্যু হয়। এরপর অপরাধের প্রমাণ গোপন করতে পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে স্থানীয় শ্মশান এলাকায় শিশুটির মরদেহ সমাহিত করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্তের চাচা বাবুভাই রাওয়াল ঘটনাটি জানতে পেরে সুইগাম থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্থানীয় শ্মশান এলাকায় গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগের পাশাপাশি অপরাধের প্রমাণ গোপন করার অভিযোগেও অশোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতের ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এদিকে, মৃত্যুর আগে গুরুতর দগ্ধ অবস্থায় শিশুটিকে একটি খাটে বসে থাকতে দেখা যাচ্ছে—এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকার বাসিন্দাদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র: এনডিটিভি

ওয়াইএ
আরও পড়ুন