অর্থনৈতিক সম্পর্ক জোরদারে থাইল্যান্ডে ইরান-পাকিস্তান বৈঠক

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

ব্যাংকিং ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বৈঠক করেছেন ইরান ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের দুই প্রধান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ অক্টোবর) ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও ব্যাংকিং সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক বাণিজ্যিক লেনদেন বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে বৈঠকে মুদ্রানীতি ও ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতা উন্নয়ন, বাণিজ্য বিনিময় সহজ করা এবং আর্থিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানেরা। একই সঙ্গে ইরান ও পাকিস্তানের বিদ্যমান অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

দুই দেশের আর্থিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্যিক লেনদেন সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখার সুযোগ তৈরি করে এ বৈঠক। তবে আলোচনার পর কোনো নির্দিষ্ট চুক্তি বা সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আইএমএফ ও বিশ্বব্যাংক গোষ্ঠীর বার্ষিক সভা ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও মুদ্রানীতিসংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়েও সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন