গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহামুদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার মালামাল নিয়ে একটি পিকআপে করে ছেলের বাড়ি বাগেরহাটের মোংলায় যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পথচারী ওবাইদুর খন্দকার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাধা ‘আস্থার সংকট’: গালিবাফ