খবরসংযোগ ডেস্ক: বিজয়ের মাসের শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পাক সেনাবাহিনীর পরাজয় নিয়ে পাকিস্তানে বিতর্ক চলছে। বাংলাদেশের বিজয় নিয়ে পাকিস্তানের রাজনীতিবিদ ও সেনাবাহিনী পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজীর ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন।
নভেম্বরেই এ বিষয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের ও তার দল পিটিআইয়ের রাজনৈতিক সংগ্রামকে আওয়ামী লীগ ও তার নেতা তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করেছিলেন তিনি।
ইমরান খান মন্তব্য করেছিলেন, ১৯৭১ সালের যুদ্ধের সময়ে বাংলাদেশিদের সঙ্গে অন্যায় করেছিল তার দেশের সেনা। এবার ১৯৭১ সালের সেই যুদ্ধকে রাজনৈতিক ব্যর্থতা না বলে সেনাবাহিনীর ব্যর্থতা হিসেবে তুলে ধরলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করাচি শহরের নিশতার পার্কে এক জনসভার আয়োজন করা হয়েছিল। বিলাওয়াল সেখানেই আবার ১৯৭১ সালের যুদ্ধের প্রসঙ্গ তোলেন। বস্তুত, গত কয়েক সপ্তাহ ধরেই ১৯৭১ সালের যুদ্ধের প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে পাকিস্তানের রাজনীতিক ও সেনা কর্মকর্তাদের নানা মন্তব্যে।
মাত্র কয়েকদিন আগে অর্থাৎ নভেম্বরের শেষ দিকে সদ্য সাবেক হওয়া সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া বলেছিলেন, সামরিক নয়, ১৯৭১ সালের যুদ্ধে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় ছিল একেবারেই রাজনৈতিক পরাজয়। সূত্র: ডন, দ্য মুন্সিফ ডেইলি।
#এসএ/ডব্লিউ/কেজেড

