সুস্থ হয়ে উঠেছেন সৌদি বাদশাহ সালমান

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০:২২ পিএম

ফুসফুসের প্রদাহের চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বুধবার (৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ রাজ দরবারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

৮৮ বছর বয়সী এই বাদশাহ বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র হিসেবে বিবেচিত। এর আগেও তিনি ফুসফুসের প্রদাহের চিকিৎসা নিয়েছিলেন। গত মে মাসেও তিনি এই সমস্যার জন্য চিকিৎসা নেন।

গত রবিবার রাজ দরবার জানিয়েছিল, বাদশাহ সালমান ফুসফুসের প্রদাহের কারণে কিছু মেডিক্যাল পরীক্ষা করবেন।

এসপিএ’র তথ্য অনুযায়ী, তিনি সর্বশেষ ২৪ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন। এর আগে আগস্ট মাসে তিনি একটি রাজ ডিক্রি জারি করেন। এতে তার এবং প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুপস্থিতিতে মন্ত্রিসভা বৈঠক করার অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যুবরাজ মোহাম্মদ বাদশাহ সালমানের স্বাস্থ্যের বিষয়ে আশ্বস্ত করেছিলেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সূত্র: রয়টার্স

MMS
আরও পড়ুন