ইরাকের রাজধানী বাগদাদে দেশটির জাতীয় গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় সেখানে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) সকালে বাগদাদের প্রাণকেন্দ্রে অত্যন্ত সুরক্ষিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাক সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদ মান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে বাগদাদের অত্যন্ত সংবেদনশীল এলাকায় এই ড্রোন হামলা চালানো হয়।
বার্তাসংস্থা এএফপি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাগদাদে অবস্থিত একটি যোগাযোগ ভবনেও পৃথকভাবে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই ভবনটিতে ইরাকের একটি বিশেষ নিরাপত্তা সংস্থার কার্যালয় ছিল। এই সংস্থাটি ইরাকে ‘উগ্রবাদবিরোধী’ অভিযানে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে কাজ করে থাকে।
ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদে তাদের সদর দপ্তরের কাছে ‘আইনবহির্ভূত একটি গোষ্ঠী’ এই ড্রোন হামলাটি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার নেপথ্যে কারা জড়িত এবং এই ড্রোনগুলো কোথা থেকে ওড়ানো হয়েছিল, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ইরাকি প্রশাসন।
ইরানে স্থল অভিযানের পরিকল্পনা, মার্কিন সেনারা প্রস্তুত
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা
