মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী নরেন্দ্র মোদি 

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০১:২০ এএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের জামাতে যোগ দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান জানান। এসময় তিনি বলেন, ‘ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী নরেন্দ্র মোদি।’ 

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজ্যের সবচেয়ে বড় জামাত হয়েছে রেড রোডে। মমতা ঈদের শুভেচ্ছা বিলানোর পর রেড রোডে আগত মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবছর কলকাতার ধর্মতলার রেড রোডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আজ সকাল থেকে ছিল ঝিরঝিরে বৃষ্টি। তবে তাতে নামাজে কোনো ব্যাঘাত ঘটেনি। এসেছেন দলে দলে মুসল্লি। দেখা গেছে মুসল্লিদের মধ্যে আনন্দের জোয়ার। একবারে শিশু থেকে প্রবীণেরা ছিলেন। সবাই কোলাকুলি করেছেন।

নামাজ শেষে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বিনিময় করেন। সেই সঙ্গে রাজ্য ও দেশের উন্নয়ন ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আবেদন জানান। মমতা বলেন, ‘এসআইআরে অনেকের নাম কাটা গেছে। আমি তাই নিয়ে লড়াই করছি। আদালতে গিয়েছি। সবার জন্য আমার এই লড়াই জারি থাকবে।’ মমতা জোরের সঙ্গে বলেন, ‘আমাদের অধিকার মোদিজিকে কেড়ে নিতে দেবো না।’ মমতা কটাক্ষ করে এ কথাও বলেন, ‘উনি যখন সৌদি আরব বা দুবাই গিয়ে হাত মেলান, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে?’

মমতা কটাক্ষ করে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিজি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।’ মমতা হুমকির সুরে বলেন, বাংলাকে যে টার্গেট করবে, সে জাহান্নামে যাবে। তাই মমতা এই রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আবেদন জানান। বলেন, ‘আমি ভারতীয়দের নিয়েই গর্বিত।’

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত