যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে নতুন করে আলোচনার ইঙ্গিত মিলছে। তবে সম্ভাব্য সমঝোতার পথেই নতুন জটিলতা তৈরি করেছে তেহরানের দেওয়া পাঁচটি কঠোর শর্ত।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মিডলইস্ট মনিটর জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ থেকে চলা সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির জন্য ইরান একগুচ্ছ শর্ত দিয়েছে। এসব শর্ত মেনে নিলেই কেবল সমঝোতায় যেতে পারে তেহরান।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২এর খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই এই শর্তগুলো সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ভবিষ্যতে আর যুদ্ধ শুরু না হওয়ার নিশ্চয়তা।

এছাড়া হরমুজ প্রণালি নিয়ে নতুন ব্যবস্থার দাবি তুলেছে ইরান, যা কার্যত তাদের নিয়ন্ত্রণেই থাকবে। একইসঙ্গে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করা এবং চলমান সংঘাতে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

বিশ্লেষকদের মতে, বিশেষ করে হরমুজ প্রণালি ও মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে ইরানের অবস্থান সমঝোতাকে জটিল করে তুলতে পারে। কারণ, এসব দাবি মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে কঠিন।

এর আগে, এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, এটি মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমের ফল এবং একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

তবে একইসঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। তার ভাষায়, যাই ঘটুক না কেনইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সূত্র: মিডলইস্ট মনিটর

AS
আরও পড়ুন