ট্রাম্পের কড়া বার্তায় সামরিক ঘাঁটি ব্যবহারে ইতিবাচক ন্যাটো

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:৩৯ পিএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা না করার যে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প তুলেছিলেন, ইউরোপীয় দেশগুলো তার ‘বার্তা’ পেয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে। তিনি নিশ্চিত করেছেন যে, ইউরোপীয় দেশগুলো এখন তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের চুক্তিগুলো কার্যকর করার বিষয়টি নিশ্চিত করছে।

আর্মেনিয়ায় আয়োজিত ‘ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়’-এর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুত্তে এই মন্তব্য করেন। ট্রাম্পের সাম্প্রতিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ, মার্কিন পক্ষ থেকে কিছু হতাশা ছিল। তবে ইউরোপীয়রা সেই কথা শুনেছে এবং তারা এখন যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে আশানুরূপ সামরিক ও কৌশলগত সহায়তা দিচ্ছে না বলে সম্প্রতি প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন ট্রাম্প। বিশেষ করে ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো অবাধে ব্যবহার করতে না দেওয়ার বিষয়টি নিয়ে রিপাবলিকান শিবির থেকে চাপ আসছিল। ট্রাম্পের এই কড়া অবস্থানের পরই ন্যাটো দেশগুলোর মধ্যে নড়েচড়ে বসার প্রবণতা দেখা দিয়েছে।

মার্ক রুত্তের বক্তব্য থেকে এটি স্পষ্ট যে, ইউরোপীয় দেশগুলো এখন ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। সামরিক ঘাঁটি ব্যবহারের আইনি ও কৌশলগত বাধাগুলো দূর করে তারা এখন ট্রাম্প প্রশাসনের চাহিদার সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটোর এই নমনীয় অবস্থান আটলান্টিক ওপারের মিত্রদের মধ্যে ফাটল ধরার ঝুঁকি কিছুটা কমাবে, তবে তা ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

SN
আরও পড়ুন