পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী ও রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই সীমান্ত নিরাপত্তা জোরদারে বড় সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী।
সোমবার (১১ মে) সকালে দলীয় কার্যালয় থেকে নবান্নে পৌঁছে পুলিশের ‘গার্ড অব অনার’ গ্রহণ শেষে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু। পরে দুপুরে তার নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে হস্তান্তর করা হবে।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।’
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য জমি হস্তান্তরে বাধা দিয়েছিল। তিনি জানান, বিএসএফ যতটুকু জমি চাইবে, তা দেওয়া হবে।
এ ছাড়া নতুন সরকার কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
শুভেন্দু অধিকারী আরও জানান, আগের সরকার উজ্জ্বলা যোজনার ৮ লাখ ৬৫ হাজার আবেদন কেন্দ্রে পাঠায়নি। নতুন সরকার সেগুলো দ্রুত পাঠাবে। এ ছাড়া ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, সরকারি চাকরিতে বয়সসীমা পাঁচ বছর বাড়ানো এবং জনগণনার কাজ শুরুর সিদ্ধান্তের কথাও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার ‘আমিত্বে’ নয়, ‘আমরা’ নীতিতে চলবে। জনগণের আস্থা ধরে রাখতে সরকার কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।
সোনা কেনা বর্জন ও জ্বালানি সাশ্রয়ের ডাক মোদীর
হরমুজে ইউরোপীয় হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি