ইসরায়েল-লেবাননের সামরিক বৈঠককে ‘ফলপ্রসূ’ বললো যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ মে ২০২৬, ০৯:১৬ এএম

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ইসরায়েল ও লেবাননের সামরিক প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই সামরিক পর্যায়ের আলোচনায় একটি বাস্তবসম্মত নিরাপত্তা কাঠামো তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

এই ঐতিহাসিক উদ্যোগে অংশ নেওয়ায় দুই দেশের সামরিক বাহিনীর প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। একই সাথে ওয়াশিংটনের পক্ষ থেকে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে, তারা কোনো অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী ছাড়া একটি স্বাধীন ও সার্বভৌম লেবানন দেখতে চায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে যখন এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল, ঠিক তখনই লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও জোরদার হওয়ার খবর মিলেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর সামরিক বাহিনী লেবাননের আরও গভীরে প্রবেশ করেছে এবং সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে অবস্থিত কৌশলগত ‘লিটানি নদী’ অতিক্রম করেছে।

একদিকে কূটনৈতিক বৈঠক এবং অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের এই জয়যাত্রার ঘোষণা আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত