ইউক্রেন যুদ্ধের ১,৪৭৯তম দিনে এক চাঞ্চল্যকর দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। তিনি জানিয়েছেন, বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ওয়াশিংটন এখন রাশিয়ার তেলের গুরুত্ব ‘আরও ভালো করে বুঝতে শুরু করেছে’।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন আলোচক স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ বৈঠকের পর দিমিত্রিভ এই মন্তব্য করেন। টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, `আমরা এমন কিছু প্রকল্প নিয়ে আলোচনা করেছি যা রাশিয়া-আমেরিকা সম্পর্কের পুনরুদ্ধার এবং বিশ্ব জ্বালানি বাজারের বর্তমান সংকট কাটাতে অবদান রাখতে পারে।'
ইরান যুদ্ধের কারণে অস্থিতিশীল বিশ্ব বাজার সামাল দিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রাশিয়ার তেলের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। সমুদ্রে আটকে থাকা রুশ তেল ও জ্বালানি পণ্য কেনার জন্য ৩০ দিনের একটি বিশেষ লাইসেন্সও ইস্যু করেছে ওয়াশিংটন। যদিও সমালোচকদের মতে, এই পদক্ষেপ রাশিয়ার যুদ্ধের তহবিলকেই সমৃদ্ধ করবে।
এদিকে, হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক নতুন করে তলানিতে ঠেকেছে। হাঙ্গেরি সম্প্রতি ইউক্রেন থেকে জব্দ করা দুটি সাঁজোয়া যান ফেরত দিলেও লাখ লাখ ডলার সমমূল্যের নগদ অর্থ ও সোনা নিজেদের কাছে রেখে দিয়েছে। অর্থ পাচারের অভিযোগ তুলে হাঙ্গেরি এই পদক্ষেপ নিলেও কিয়েভ একে ‘চুরি’ হিসেবে অভিহিত করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান অভিযোগ করেছেন, ইউক্রেনীয়রা তার পরিবারের ওপর হামলার পরিকল্পনা করছে।
রণাঙ্গনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ড্রোন প্রযুক্তিতে বিপ্লব আনতে মিত্র দেশগুলোর জন্য নিজেদের ‘ব্যাটলফিল্ড ডেটা’ বা যুদ্ধক্ষেত্রের তথ্য উন্মুক্ত করছে ইউক্রেন। এই তথ্যের মাধ্যমে ড্রোনের এআই (AI) সফটওয়্যারকে আরও উন্নত করা হবে, যা পাইলট ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম হবে। এছাড়া রোমানিয়া ও ইউক্রেন যৌথভাবে ড্রোনসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির চুক্তি স্বাক্ষর করেছে।
রাশিয়া থেকে তুরস্কগামী একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। অন্যদিকে, ইউরোপের ‘দ্রুজবা’ তেল পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই পাইপলাইন পরিদর্শনে একটি বিশেষ মিশন পাঠানোর প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় ১০০ ডলার ছাড়ালো তেলের দাম
তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প
