কুয়েতে গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে ড্রোন ভূপাতিত

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৫০ এএম

কুয়েতের একটি সংরক্ষিত ও গুরুত্বপূর্ণ স্থাপনার আকাশে অনুপ্রবেশ করা একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে দেশটির ন্যাশনাল গার্ড। 

শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন কুয়েত ন্যাশনাল গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাদান ফাদেল।

বিবৃতিতে জেনারেল ফাদেল জানান, দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি স্পর্শকাতর এলাকায় ড্রোনটি শনাক্ত করার পরপরই সেটিকে গুলি করে নামিয়ে আনেন। জাতীয় নিরাপত্তা জোরদার করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা এবং যেকোনো ধরণের সম্ভাব্য বহিরাগত হুমকি মোকাবিলার অংশ হিসেবেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুখপাত্র কুয়েতের সাধারণ নাগরিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও জোর দিয়ে বলেন, কুয়েত ন্যাশনাল গার্ড বাহিনী বর্তমানে সেনাবাহিনী, পুলিশ এবং কুয়েত ফায়ার ফোর্সের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত তাদের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ তেল ও শিল্প স্থাপনাগুলোর সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। 

DR
আরও পড়ুন