উত্তর-পশ্চিম ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাদেশিক প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থান সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর চেষ্টা করছিল। বিবৃতিতে তাদের "জায়নবাদী শাসনের সাথে যুক্ত ভাড়াটে চক্র" হিসেবে অভিহিত করা হয়েছে।
বিচার বিভাগীয় আদেশের মাধ্যমে এই ২০ ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের আইন প্রয়োগকারী সংস্থা এবং গুরুত্বপূর্ণ সামরিক পয়েন্টগুলোর বিস্তারিত তথ্য 'শত্রু' ইসরায়েলের কাছে পাচার করেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল যে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের হামলার নতুন ধাপ শুরু করেছে। এই ধাপে তারা মূলত ইরানের অভ্যন্তরে থাকা তথ্যদাতাদের দেওয়া সংকেতের ওপর ভিত্তি করে নিরাপত্তা চেকপোস্ট এবং কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। ২০ জনের এই গ্রেপ্তার সেই গোয়েন্দা তৎপরতা প্রতিরোধেরই একটি অংশ বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরোধক ক্ষেপণাস্ত্র তলানিতে, আতঙ্কে ইসরায়েল
