হরমুজ প্রণালিতে ইরানের মাইন শনাক্ত করলো মার্কিন গোয়েন্দাবাহিনী

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

হরমুজ প্রণালিতে অন্তত এক ডজন নৌমাইন পেতে রেখেছে ইরান- এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কৌশলগত এই জলপথে মাহাম থ্রি ও মাহাম সেভেন ধরনের লিম্পেট মাইন শনাক্ত করা হয়েছে, যা অপসারণ না করা পর্যন্ত জাহাজ চলাচল স্বাভাবিক করা কঠিন হবে।

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হুঁশিয়ারি দিয়ে আসছিল, এই পথ ব্যবহার করা যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

মাহাম থ্রি মাইন চৌম্বক সেন্সরের মাধ্যমে জাহাজ শনাক্ত করে বিস্ফোরিত হতে পারে, আর মাহাম সেভেন সরাসরি জাহাজের গায়ে আটকে দেওয়া উচ্চ বিস্ফোরকযুক্ত ডিভাইস।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগোচ্ছে এবং জ্বালানি স্থাপনাগুলোর ওপর পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। যুদ্ধ শেষে হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার কথাও বলেন তিনি।

তবে ইরানের শীর্ষ নেতারা এসব দাবি অস্বীকার করে বলেছেন, কোনো আলোচনা হয়নি; বরং এগুলো ‘ভুয়া খবর’, যা তেলবাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। সূত্র: দ্য টেলিগ্রাফ

AS/FJ
আরও পড়ুন