ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় আইআরজিসির হামলা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ৮২তম ধাপ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

আইআরজিসির বরাতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি মৃত সাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত পারমাণবিক অবকাঠামো-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও টার্গেট করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এই হামলায় অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইসরায়েলও ইরানি হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দেশটির দিকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, তেল আবিব ও শ্যারন অঞ্চলে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর একটি গাড়ি আগুনে পুড়ে গেছে এবং আশপাশের এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন