২০টি মিসাইল ও ৩৭ ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ এএম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওপর ইরানের চালানো ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে আমিরাত জানায়, গত ২৪ ঘণ্টায় তারা অন্তত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৭টি ড্রোন সফলভাবে মাঝ আকাশে ধ্বংস করেছে।

ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে ‘সরাসরি হামলা’ শুরু হওয়ার পর থেকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নজিরবিহীন আক্রমণ মোকাবিলা করে আসছে। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মোট ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ মিসাইল এবং ১ হাজার ৮৭২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও কিছু সরাসরি আঘাতে আমিরাতে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আট জনই বেসামরিক নাগরিক। এছাড়া গত কয়েক দিনে বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্প্রতি আবুধাবির খলিফা ইকোনমিক জোনের কাছে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে আমিরাতি বাহিনী। তবে সেই ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত ধ্বংসাবশেষ নিচে পড়লে সেখানে কর্মরত পাঁচজন ভারতীয় নাগরিক গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কড়া বার্তায় জানিয়েছে, দেশের আকাশসীমা এবং নাগরিকদের জানমাল সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের উসকানিমূলক ও সন্ত্রাসী হামলার কঠোর এবং দাঁতভাঙা জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত