শান্তি বিনষ্টকারীদের হাত কেটে দেওয়া হবে: লেবানিজ প্রেসিডেন্ট

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম

'যে হাত শান্তি নষ্ট করতে এগিয়ে আসবে, তা কেটে ফেলা হবে', এই কঠোর হুঁশিয়ারি দিয়ে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা প্রতিরোধে দৃঢ় অবস্থান দেখালেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি স্পষ্ট করেছেন, যে কেউ যদি নাগরিক শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তা একনিষ্ঠভাবে দমন করা হবে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, আউন জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই সক্রিয় রয়েছে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার ও অস্ত্র জব্দ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, লেবাননে কেউ গৃহযুদ্ধ চায় না। তবে কেউ যদি বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আউন। ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে সেখানে পরিস্থিতি ‘দুর্ভাগ্যজনক’ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলেও জানান। সূত্র: আলজাজিরা

AS/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত