ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম

ইরানের সামরিক সক্ষমতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এবং ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)-এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ‘ইমাম হোসেইন’ বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

সোমবার (৩০ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এই হামলার খবর নিশ্চিত করেছে।

আইডিএফ-এর দাবি অনুযায়ী, ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়টি নামেমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান হলেও এটি মূলত বেসামরিক আবরণের আড়ালে ইরানের বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র। দীর্ঘ দিন ধরে এখানে উন্নত মারণাস্ত্রের গবেষণা, নকশা এবং উন্নয়ন কাজ চালিয়ে আসছিল আইআরজিসি।

ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত উইন্ড টানেল, রাসায়নিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি কেমিক্যাল সেন্টার এবং মেকানিক্স ও উন্নয়ন গ্রুপের প্রযুক্তি ও প্রকৌশল কেন্দ্র।

আইডিএফ জানিয়েছে, আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কারণে এই বিশ্ববিদ্যালয় এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর আগেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিল। প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান মোহাম্মদ রেজা হাসানি শাহনেগারি আইআরজিসির একজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত।

ইরানের অভ্যন্তরে এমন সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় ইসরায়েলের এই হামলা তেহরানের অস্ত্র উৎপাদন ও গবেষণার ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

FJ
আরও পড়ুন