মধ্যপ্রাচ্যের ৩ দেশে ইরানের পাল্টা হামলা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যত ভেস্তে গেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ইরানের  ‘লাভান’ তেল শোধনাগারে হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়েছে। তেহরান একে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ‘বিশ্বাসঘাতকতা’ ও যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে একযোগে হামলা চালিয়েছে।

ইরানের জাতীয় তেল কোম্পানি নিশ্চিত করেছে যে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় লাভান দ্বীপের তেল শোধনাগারে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। হামলায় শোধনাগারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। ইরান সরাসরি এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।

লাভান দ্বীপে হামলার মাত্র এক ঘণ্টার ব্যবধানে ইরান মধ্যপ্রাচ্যের তিনটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করে।
সংযুক্ত আরব আমিরাত: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুবাইসহ বিভিন্ন অঞ্চলের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইরানি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘তীব্র শত্রুতামূলক হামলার’ মুখে পড়েছে। অন্তত ২৮টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও কিছু ড্রোন দেশটির দক্ষিণের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র এবং পানি শোধনাগারে আঘাত হেনেছে। এতে দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাহরাইনের রাজধানী মানামায় সকাল থেকেই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দেশটির সিত্রা দ্বীপের জ্বালানি স্থাপনাগুলোর ওপর দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। একটি ড্রোন প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে দুই বাহরাইনি নাগরিক আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সেই উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় ১০ এপ্রিল ইসলামাবাদে যে শান্তি আলোচনার কথা ছিল, আজকের এই ভয়াবহ সংঘাতের পর তা এখন চরম অনিশ্চয়তার মুখে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের তেল স্থাপনায় বোমা হামলার পাল্টা জবাব দিতেই তারা আরব আমিরাত ও কুয়েতে এই অভিযান চালিয়েছে। 

FJ
আরও পড়ুন