বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাকে আরও ন্যায্য, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে ব্রিকস জোটকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাশেম জালালি জ্বালানি সহযোগিতা ও নিরাপত্তাবিষয়ক এক বৈঠকে বলেন, বর্তমানে বিশ্বের জ্বালানি নিরাপত্তা অনেকাংশেই গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর নির্ভরশীল, বিশেষ করে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর ওপর।
তার মতে, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং উদীয়মান অর্থনীতিগুলোর বাড়তি চাহিদা জ্বালানি নিরাপত্তাকে বৈশ্বিক স্থিতিশীলতা ও উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তিতে পরিণত করেছে।
জালালি বলেন, জ্বালানি নিরাপত্তা শুধু সম্পদে প্রবেশাধিকারের বিষয় নয়। এর সঙ্গে সরবরাহ, চাহিদা, বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামো এবং অর্থায়নের নিরাপত্তাও জড়িত।
তিনি আরও বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোর বিপুল জ্বালানি সক্ষমতা যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশেষ দায়িত্বও। তাই একটি আরও ন্যায়সঙ্গত ও স্থিতিশীল বৈশ্বিক জ্বালানি কাঠামো গড়ে তুলতে তাদের নেতৃত্ব দেওয়া প্রয়োজন।
রাষ্ট্রদূতের ভাষায়, পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণে ব্রিকস দেশগুলোর ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সূত্র: আলজাজিরা
'ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতভেদ নেই'