আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো তিন দেশ

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:৩২ পিএম

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার তিন দেশ। আফগানিস্তানে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ এলাকায়। রাজধানী ইসলামাবাদ থেকে শুরু করে দিল্লি, জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের প্রভাব ভারতের উত্তরাঞ্চল, পাকিস্তানের বিভিন্ন প্রদেশ এবং আফগানিস্তানের একাধিক এলাকায় অনুভূত হয়। কম্পনের সময় অনেক মানুষ নিরাপত্তার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে আফগানিস্তানকে কেন্দ্র করে এই ভূমিকম্প আঘাত হানে এবং এর কম্পন পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের জুরম এলাকার ৪৩ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫.৯ বলে জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।

জিও নিউজের খবরে বলা হয়, ভূমিকম্পের কম্পন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার, সোয়াত, বান্নু, চিত্রালসহ একাধিক শহরে অনুভূত হয়েছে। পাশাপাশি আজাদ কাশ্মীরের নীলম ভ্যালি ও মুজাফফরাবাদেও ভূকম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় ভূমিকম্পের কম্পন তুলনামূলক দীর্ঘ সময় স্থায়ী হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। কম্পন শুরু হতেই অনেক মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক সবচেয়ে বেশি ছিল এবং অনেককে কান্নাকাটি করতে দেখা গেছে।

এদিকে কয়েকদিন আগেই ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির বহু ভবন ধসে পড়ে। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, সেখানে এখনো ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সূত্র: এনডিটিভি

AS
আরও পড়ুন