মুসলিম বিশ্বের মর্যাদা, স্বাধীনতা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ইসলামি ঐক্যকে প্রধান কৌশল হিসেবে বিবেচনা করেছিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরানে ৪০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। সম্মেলনটি প্রয়াত নেতার চিন্তায় ইসলামি ঐক্যকে মূল প্রতিপাদ্য করে আয়োজন করা হয়েছে।
পেজেশকিয়ান বলেন, বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও সংহতি প্রতিষ্ঠার ওপর প্রয়াত নেতা বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। মতপার্থক্য থাকলেও মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ইরানের প্রেসিডেন্ট একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো আগ্রাসনের নিন্দা জানান। তিনি বলেন, সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য নিয়ে ওই আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ইরান।
মুসলিম দেশগুলোর পারস্পরিক নিরাপত্তা নিয়েও সতর্কবার্তা দেন পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো মুসলিম দেশ প্রতিবেশীকে অনিরাপদ রেখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করতে পারে না। একইভাবে একটি মুসলিম দেশের ভূখণ্ড অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগও দেওয়া উচিত নয়।
তেহরানে শুরু হওয়া ৪০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। তেহরানের পাশাপাশি পবিত্র কোম ও মাশহাদ শহরেও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান, গোলেস্তান ও রাজাভি খোরাসান প্রদেশেও বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে ইসলামি পরিচয়, শাসনব্যবস্থা, অর্থনৈতিক সহযোগিতা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। সম্মেলনের মূল লক্ষ্য মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য, শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা। সূত্র: মেহর নিউজ এজেন্সি
মার্কিন নিষেধাজ্ঞায় জাতিসংঘের হস্তক্ষেপ চান আরাঘচি
ইরান-চীন সম্পর্কে কারও অনুমতির প্রয়োজন নেই: গালিবাফ
'নিষেধাজ্ঞা ও হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক প্রযুক্তি বিশ্বমানের'