ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি সন্ত্রাসী দলের সদস্যদের আটক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। অভিযানে দলের এক সদস্য নিহত এবং আরও ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির কুদস ঘাঁটি জানায়, সিস্তান ও বেলুচিস্তানের সীমান্ত দিয়ে দলটি ইরানে প্রবেশের পর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আইআরজির ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে ২০টি বিস্ফোরক ডিভাইসসহ বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, দলটি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছিল। তাদের এই কর্মকাণ্ডের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাজ করছিল বলেও অভিযোগ করেছে ইরানি বাহিনী।
তবে আইআরজিসির এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।
সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে ইরানি নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে। এর আগে আগস্টেও ওই অঞ্চলে দুটি সন্ত্রাসী সেল ভেঙে দেওয়ার কথা জানিয়েছিল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি
'ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাস পরাস্ত হবে'
মিনাব স্কুলে হামলা, ক্ষমা করবে না ইরান: আরাঘচি
ডলারনির্ভরতা কমানোর আহ্বান মোজতবা খামেনির