সৌদি আরবের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও প্রাকৃতিক সম্পদের বিষয়ে কোনো আপস করা হবে না বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড, স্থাপনা বা গুরুত্বপূর্ণ স্বার্থে যেকোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে ফয়সাল বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয় সদস্যই নিজেদের ভূখণ্ড, স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্বার্থে হামলার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করবে। হামলার পেছনে যে কারণ বা পরিচয়ই দেখানো হোক না কেন, এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট করেন তিনি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আসে দেশটিতে সাম্প্রতিক কয়েক দফা হামলার পর। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান এলাকায় হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে দুইজন আহত হন। এতে একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত সপ্তাহে ইরাক থেকে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন লক্ষ্য করে ড্রোন হামলাও চালানো হয়।
বক্তব্যে হরমুজ প্রণালি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপরও জোর দেন ফয়সাল। তিনি বলেন, এসব নৌপথের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রবাহ জড়িত। সেখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বৈশ্বিক বাজার, সরবরাহ ব্যবস্থা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও তা ছড়িয়ে পড়বে।
হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ার পাশাপাশি তেল সরবরাহে বিঘ্ন ও জাহাজ চলাচলের ওপর বাড়তে থাকা হুমকির কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি নিরাপত্তা এখন অন্যতম প্রধান উদ্বেগ হয়ে উঠেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো এরই মধ্যে কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রণালিতে চলাচলের ওপর কোনো বিধিনিষেধ, ফি বা একতরফা ব্যবস্থা আরোপেরও বিরোধিতা করেছে তারা।
নয়াদিল্লিতে চলমান দুই দিনের ব্রিকস সম্মেলনেও মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এর প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যব্যবস্থার ওপর তৈরি হওয়া ঝুঁকি গুরুত্ব পেয়েছে। শনিবার ব্রিকস নেতারা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সংঘাত আরও বাড়াতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার পাশাপাশি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। সূত্র: আরব নিউজ
হুথিদের মোকাবিলায় সৌদির সামনে খুব বেশি বিকল্প নেই
হরমুজে নতুন নৌ চলাচল ব্যবস্থা প্রতিষ্ঠায় ওমানে বৈঠক: আরাঘচি
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের বৈঠকে ট্রাম্পের আপত্তি নেই