ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের ঠিক পরদিনই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে বসেছে মার্কিন সিনেটের একটি দ্বিপাক্ষিক প্রতিনিধি দল। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত চীন সফরের আগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই এই বৈঠকের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইন্স। তিনি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ‘স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার’ ওপর গুরুত্বারোপ করেন। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে বসার আগেই তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া। ট্রাম্প চাইছেন বেইজিং সফরের আগেই ইরান সংকটের একটি কূটনৈতিক সমাধান নিশ্চিত করতে, যাতে চীনের সাথে আলোচনায় তিনি সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন।
এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তার আগের দিনের বৈঠকের প্রসঙ্গ টেনে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেন এবং তা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। চীন এই সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পাশাপাশি ইরানকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
সিনেটরদের এই সফর মূলত ট্রাম্পের হাই-প্রোফাইল বেইজিং সফরের প্রেক্ষাপট তৈরিতে সাহায্য করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা এখন সময়ের দাবি বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সূত্র: আলজাজিরা
ইরানের নিয়ন্ত্রণেই থাকবে হরমুজ প্রণালি, বিদেশি সেনাদের অঞ্চল ছাড়ার আহ্বান