যুক্তরাষ্ট্রে ট্রেনের মালবাহী বগি থেকে ৬ মরদেহ উদ্ধার, নেপথ্যে কী?

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডোতে একটি ট্রেনের মালবাহী বগির ভেতর থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ মে) বিকেলে একটি রেল ইয়ার্ডে নিয়মিত তদারকির সময় এই লাশগুলো উদ্ধার করে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বগির ভেতরে আটকা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।

লারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এসপিনোজা জানান, সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে অবস্থিত লারেডোর একটি রেল ইয়ার্ডে ইউনিয়ন প্যাসিফিক ট্রেনের ভেতর থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে রেল ইয়ার্ডের এক কর্মচারী বগির ভেতরে লাশগুলো দেখে পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, এটি একটি সাধারণ মালবাহী ট্রেন ছিল এবং নিয়মিত পরিদর্শনের সময় বগির দরজা খুললে এই ভয়াবহ দৃশ্য নজরে আসে। বগির ভেতর কোনো জীবিত ব্যক্তিকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার লারেডোতে তাপমাত্রা ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইটের উপরে। বন্ধ মালবাহী বগির ভেতরে বাতাস চলাচলের সুযোগ কম থাকায় এবং তীব্র গরমের কারণে ‘হিটস্ট্রোক’ বা শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ। মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রেল কোম্পানি ইউনিয়ন প্যাসিফিকের মুখপাত্র ড্যারিল বিয়োরাস এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই ঘটনায় ইউনিয়ন প্যাসিফিক মর্মাহত। আমরা ঘটনার রহস্য উদঘাটনে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।’

মার্কিন সীমান্ত সংলগ্ন এলাকায় এ ধরণের ঘটনা প্রায়ই ঘটে থাকে, যেখানে অভিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে ট্রেনের বগি বা ট্রাক ব্যবহার করেন। লারেডো পুলিশ বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
সূত্র: সিএনএন ও দ্য পোস্ট।

FJ
আরও পড়ুন