ইরানের আচরণ বদলাতেই হবে: মার্কো রুবিও

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

ইরানের বর্তমান শাসনব্যবস্থার নীতিতে পরিবর্তন আনতেই হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির কারণেই পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতায় আগ্রহ দেখাতে বাধ্য হয়েছে তেহরান।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, শাসন পরিবর্তন না হলেও বর্তমান শাসনব্যবস্থার আচরণ বদলাতে হবে। তার অভিযোগ, ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের বিপ্লব ছড়িয়ে দিতে চায় এবং এই নীতি বন্ধ করতে তাদের জন্য সেই কর্মকাণ্ডের মূল্য অনেক বেশি করে তুলতে হবে।

তিনি বলেন, গত দুই থেকে তিন দশকে ইরান এমন কোনো মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়নি, যিনি শুধু বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, অতীতে তেহরান মিথ্যা বলা, চুক্তি ভঙ্গ করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার সুযোগ পেয়েছিল।

রুবিওর ভাষ্য, ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপে ইরানের প্রচলিত প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। যদিও দেশটির কাছে এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, তবুও যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তির ভারসাম্য বদলে গেছে।

তিনি বলেন, এ কারণেই ইরান এখন পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে সমঝোতায় আগ্রহী। কারণ যুক্তরাষ্ট্র এখন দুর্বল নয়, বরং শক্তিশালী অবস্থান থেকে আলোচনা করছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার সম্ভাবনা থাকায় তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। তার দাবি, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নৌচলাচল পুনরায় চালু হতে পারে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

AS
আরও পড়ুন