যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নর-ইস্টার’-এর প্রভাবে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটন ডি.সি. থেকে মেইন পর্যন্ত সপ্তাহান্তে আঘাত হানা ঝড়টির কারণে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শনিবার একপর্যায়ে এক লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ার-আউটেজ-ডট-কম-এর তথ্য অনুযায়ী, শনিবার ইস্টার্ন টাইম রাত ৯টা ৩৭ মিনিট (জিএমটি সময় ০১:৩৭) পর্যন্ত কানেকটিকাট, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ৭৩ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
নিউ ইয়র্ক ও কানেকটিকাট— দুই অঙ্গরাজ্যেই ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। দিনের শুরুর দিকে কানেকটিকাট, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া ও নিউ জার্সি—এই চার অঙ্গরাজ্য মিলিয়ে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা এক লাখেরও বেশি ছিল।
এনজে-ডট-কম- এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির উত্তরাঞ্চলীয় বার্গেন কাউন্টি থেকে দক্ষিণের শেষ প্রান্তের কেপ মে কাউন্টি পর্যন্ত বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। ‘জার্সি শোর’ এলাকার কিছু জনবসতি থেকে বাসিন্দাদের স্বেচ্ছায় সরে যাওয়ার (ইভাকুয়েশন) ঘটনাও ঘটেছে।
ইস্ট রাদারফোর্ডের ‘মেটলাইফ স্টেডিয়াম’ কর্তৃপক্ষ জানিয়েছে, রক ব্যান্ড এসি/ডিসি-র শুক্রবারের কনসার্টটি পিছিয়ে ২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট-অ্যাওয়ার- এর তথ্যমতে, শনিবার ইস্টার্ন টাইম রাত ৯টা ৫০ মিনিট (জিএমটি সময় ০১:৫০) পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ৪৪৫টি ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ১৬টি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, শক্তিশালী ‘নর-ইস্টার’ সোমবার পর্যন্ত মিড-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলে উপকূলীয় বন্যা, বিপজ্জনক ‘রিপ কারেন্ট’ (উপকূল থেকে সমুদ্রের দিকে তীব্র স্রোত), দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত বয়ে আনবে।
নিউ ইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা শুক্রবার ঝড়টির সবচেয়ে বেশি আঘাত হানার আশঙ্কা রয়েছে— এমন কাউন্টিগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর মধ্যে নিউ ইয়র্ক সিটিও রয়েছে। এছাড়া কানেকটিকাটের গভর্নর অঙ্গরাজ্যটির ‘জরুরি কার্যক্রম কেন্দ্র’ সক্রিয় করেছেন।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
রাজধানীর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান